একই বছর মুন্সীগঞ্জের হরগঙ্গা কলেজে খণ্ডকালীন প্রভাষক হিসেবে শিক্ষকতা জীবন শুরু করেন। পরবর্তী সময়ে সিলেট মহিলা কলেজে কিছুদিন অধ্যাপনা করার পর ১৯৬২ সালে রাজশাহী কলেজে প্রভাষক হিসেবে যোগ দিয়ে সরকারি চাকরিজীবন শুরু করেন। এরপর সরকারি বিজ্ঞান কলেজ ও ঢাকা কলেজেও শিক্ষকতা করেন।
১৯৭৮ সালে তিনি প্রতিষ্ঠা করেন বিশ্বসাহিত্য কেন্দ্র। বইপড়ার সংস্কৃতি গড়ে তোলার লক্ষ্যে প্রতিষ্ঠিত এই সংগঠনের মাধ্যমে দীর্ঘদিন ধরে দেশের হাজার হাজার শিক্ষার্থীর মধ্যে পাঠাভ্যাস তৈরিতে কাজ করে আসছেন। পাঠাগারের স্বল্পতা বিবেচনায় ১৯৯৮ সালে বিশ্বসাহিত্য কেন্দ্রের উদ্যোগে ভ্রাম্যমাণ লাইব্রেরি কার্যক্রমও চালু করেন, যা দেশের বিভিন্ন অঞ্চলে বই পৌঁছে দেওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।


